লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলা, হাইকোর্টে ছাত্রদলের ১১ নেতার জামিন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে পুলিশকে ইট-পাটকেল ছুঁড়ে আহত করার ঘটনার মামলায় ছাত্রদলের ১১ নেতার জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত (হাইকোর্ট)। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মো. সেলিম ও রিয়াজ উদ্দিন খাঁনের দ্বৈত বেঞ্চ এ জামিন দেন।

আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম সুমনের বরাত দিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহবাজ চৌধুরী জিদান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আগামি ৬ সপ্তাহের জন্য আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন উচ্চ আদালত। আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

জামিনপ্রাপ্তরা হলেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রদল নেতা জুয়েল আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুর রহিম রাজন, আবদুল আজিজ মিশু, পৌর ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাছিবুর রহমান অভি, যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন রনি, ছাত্রদল নেতা বায়েজীদ ভূঁইয়া, কাউছার আহমেদ ও রানা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ অযথা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। তাদের ওপর কোন ধরণের হামলা করা হয়নি। আমরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি।

প্রসঙ্গত, ২৪ নভেম্বর দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের পুরাতন আদালত সড়কে জড়ো হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে জনমণে আতংক তৈরি ও বাজারে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। একপর্যায়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। এতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আনিছুজ্জামানসহ ৩ জন আহত হয়। এ ঘটনায় আনিছুজ্জামান বাদী হয়ে ছাত্রদলের ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। এতে অজ্ঞাত ১৫০ জনকেও অভিযুক্ত করা হয়৷ ২ ডিসেম্বর রাতে এ মামলায় (অজ্ঞাত) জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আহমেদকে গ্রেপ্তার করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন