লক্ষ্মীপুরে যুবদলের মিছিলের পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে পুলিশের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিলে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মিছিলটি পন্ড হয়ে যায়। রোববার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকে গ্রেপ্তারের প্রতিবাদে এ মিছিলে বের করে জেলা কমিটি ।
জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন ও যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ অর্ধ-শতাধিক নেতাকর্মী।
যুবদল নেতা আবদুল আলীম হুমায়ুন বলেন, কেন্দ্রীয় যুবদল নেতা টুকু ও নয়নকে গ্রেপ্তারের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করি। কিন্তু কোন কারণ ছাড়াই পুলিশ আমাদের মিছিলে বাধা দেয়। গণতন্ত্র নেই বলেই এখন আমাদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে। আমরা কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি জানাচ্ছি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, যুবদলের মিছিল নিয়ে বাজারের দিকে প্রবেশ করতে চেয়েছিল। যানজট নিরসনে তাদেরকে বাজারের দিকে ঢুকতে দেওয়া হয়নি।