লক্ষ্মীপুরে জলাশয় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে জলাশয় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) সকালে শহরের পৌর বাস টার্মিনাল সংলগ্ন একটি জলাশয় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ৫/৬ দিন পূর্বে তাকে হত্যা করে লাশ পেলে যায় বলে ধারণা করছে পুলিশ।
তবে ওই যুবকের নাম পরিচয় ও হত্যার কারণ সর্ম্পকে কিছুই জানাতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শহরের বাস টার্মিনাল সংলগ্ন ওই জলাশয়ে মাছ ধরতে নামে স্থানীয় জেলেরা। এ সময় জলাশয়ে অজ্ঞাত ওই যুবকের ভাসমান লাশ দেখতে পায় তারা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার এসআই ওমর ফারুক জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ৫/৬ দিন পূর্বে তাকে হত্যা করে লাশ এখানে পেলে যায়।
এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।