ঝড়ের কবলে নিখোঁজ জেলের মরদেহ রামগতিতে উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে রাকিব হোসেনের (২০) মরদেহ রামগতি থেকে উদ্ধার করেছে স্বজনরা।
শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার সংলগ্ন মেঘনা নদী তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। সকালে জোয়ারে ভেসে আসা মরদেহটি দেখে স্থানীয়রা খবর দিলে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে দাফন করেন।
স্থানীয় চর ফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোফাজ্জল হক মফু দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাকিব উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকার রমজান আলী দেওয়ানের ছেলে ।
বুধবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরে ঘাটে ফিরছিলেন রাকিবসহ ৯ জেলে। ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারসহ তারা সবাই ডুবে যায়। পরে ৮ জেলে সাঁতরিয়ে তীরে উঠলেও জেলে রাকিব নিখোঁজ হন।