৪ বছর প্রেম করে বিয়ে করেছেন নাজমুল হোসেন শান্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২০ ১১:২৫ অপরাহ্ণ

মাত্র ২১ বছর বয়সে জীবনসঙ্গীনি খুঁজে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। গত মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  পরিসংখ্যান বিভাগে সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী সাবরিন সুলতানা রত্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সংক্ষিপ্ত আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

নিজেই বিয়ের খবরটা দিয়েছেন ফেসবুকে। বিয়ের আনু্ষ্ঠানিকতা সম্পন্ন করেই শান্ত ফেসবুকে লিখেছেন-‘আমি তোমাকে পেয়ে ধন্য হয়েছি। আমি কখনো আমার পাশে তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারি না। তুমি এমন এক মেয়ে,যে আমার জীবনটাকে আরো ভাল করবে। আমি তোমাকে ভালবাসি,প্রিয়তমা। আমাদের জন্য দোয়া করবেন।’

প্রাথমিকভাবে পারিবারিকভাবে শান্ত’র বিয়ে হয়েছে বলে বলা হলেও, আসল ঘটনা অন্য।

২ পরিবারের ৪ বছরের প্রেম,তার পর বিয়ে। সেই ঘটনাটাই শুনিয়েছেন শান্ত- ‘পরিবারের সম্মতিতে বিয়ে করেছি। তবে পছন্দটা আমার ছিল। উভয় পরিবারের মতামত নিয়ে আমাদের বিয়ে হয়েছে।আমাদের দু’জনের ৪ বছরের সম্পর্ক ছিল। আমি আমার পরিবারকে বিষয়টা জানিয়েছিলাম। তখন তারা বিয়ের ব্যবস্থা করেছেন।’

দু’জনে রাজশাহীতে এক স্কুলে পড়তেন। তখনই মন দেয়া-নেয়া,তার পরিনয়। এমনটাই জানিয়েছেন শান্ত-‘আমি তখন অনূর্ধ্ব-১৭ দলে ক্রিকেট খেলি। আমার সম্পর্কে স্কুলের সবাই জানতো। রাজশাহী সুগার মিলস স্কুলে আমি যখন ক্লাস টেন এ পড়ি,ও তখন ক্লাস নাইনের ছাত্রী। প্রেমের প্রস্তাবটা আমিই দিয়েছিলাম। ও তখন জানতো না যে,আমি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলছি। এমনকি আমি যখন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলি,তখনো ও জানতো না আমার ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে। আমি একবার হাই পারফরমেন্সের হয়ে অস্ট্রেলিয়া যাব, ও জিজ্ঞেস করলো-‘তুমি কি করতে যাচ্ছ ?’ উত্তরে আমি বললাম চেহারা দেখে তো বিসিবি পাঠাচ্ছে না। আমি যাচ্ছি ক্রিকেট খেলতে। তখন বিষয়টা বুঝল।’

বিয়ের পর ছন্দ ফিরে পেয়েছেন লিটন দাস, সৌম্য সরকার। তাহলে কি জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা শান্তও ফিরবেন ছন্দে ? এ প্রশ্নে একগাল হাসি দিয়ে শান্ত যা বললেন,তাতে শান্ত’র ভক্তরা আশান্বিত হতেই পারেন-‘এখন তো ও প্র্যাকটিসে যেতে পর্যন্ত আমাকে পুশ করে। ও বলে কেন প্র্যাকটিসে যাচ্ছ না।’ ক্যারিয়ারে যখন অফ ফর্মে ছিলেন শান্ত,তখনও প্রেমিকা  সাবরিন সুলতানা দিয়েছেন অনুপ্রেরনা, এমনটাও শুনিয়েছেন শান্ত-আমার খারাপ সময়ে বাবা-মা’র মতোই ও পাশে ছিল। আমাকে সাপোর্ট করেছে। ভাল ক্রিকেট খেলাটা ভাগ্যের ব্যাপার। আশা করছি আমি প্রত্যাশা পূরন করতে পারব।আমাদের জন্য দোয়া করবেন।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন