২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ১০ অক্টোবর
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আগামী ১০ অক্টোবর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কারাগারের বিপরীত পাশে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ ঘোষণা দেন।
২০০৪ সালে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে করা এই মামলার ৮ জন আসামি জামিনে ছিলেন তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এ মামলায় দুই দফায় চার্জশিটে অভিযুক্ত ৫২ জন আসামীর মধ্যে তারেক রহমানসহ ১৮ জন এখনও পলাতক। ভিন্ন মামলায় ফাঁসি কার্যকর হয় তিন জনকে মামলা থেকে বাদ দেওয়া হয়।
২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিরোধী দলীয় নেত্রী ৷ ঐ দিন বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয় ৷ তিনি প্রাণে বেঁচে গেলেও ওই হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়৷ আহত হয় প্রায় চার শতাধিক মানুষ ৷
এঘটনায় প্রথম দফা চার্জশিট হয় ২০০৮ সালে। পরে ২০১২ সালে অধিকতর তদন্ত শেষে আরেক দফা চার্জশিট জমা দেয়া হয়। এ মামলায় আদালতে সাক্ষ্য দেন ২২৫ জন।