লক্ষ্মীপুরে মূল্য তালিকা না থাকায় দুই গোশত ব্যবসায়ীর জরিমানা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ মে, ২০২২ ৮:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে দোকানে মূল্য তালিকা না থাকায় দুইজন গরু গোশত ব্যবসায়ির ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী কমিশনার অমিত কুমার বিশ্বাস এ জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা মনির হোসেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, গরুর গোশত বেশি দামে বিক্রির খবরে সদর উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কালিবাজার এলাকায় গিয়ে ব্যবসায়ী হারুনুর রশিদ ও ইসমাইল হোসেনের দোকানে মূল্য তালিকা পাওয়া যায়নি। এতে কৃষি বিপনন আইন ২০১৮ ধারা ১৯ (ঙ) অনুযায়ী তাদেরকে জরিমানা করা হয়।

কৃষি বিপনন কর্মকর্তা মনির হোসেন বলেন, মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে ৭৫০ টাকা ধরে হাড় ছাড়া প্রতিকেজি গোশত ও হাড়সহ ৬৫০ টাকা বিক্রির সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। কিন্তু ঈদ উপলক্ষে অসাধু ব্যবসায়ীর ইচ্ছেমতো দাম বৃদ্ধি করে। এ খবরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন, ঈদ উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছি। দুই দোকানে মূল্য তালিকা ঝুলানো হয়নি। সেই অপরাধে তাদের জরিমানা করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন