লক্ষ্মীপুর ৩: বিএনপির ২ প্রার্থী ৪৯ মামলার আসামি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০১৮ ২:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে কেন্দ্র থেকে বিএনপির ঘোষিত দুই প্রার্থীর নামে ফৌজদারী ৪৯ মামলা রয়েছে।

 

এরমধ্যে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ৪৬ টি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু ৩ মামলার আসামি। আন্দোলনের নামে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগসহ সহিংসতা-নাশকতার ঘটনায় ঢাকা ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়। একাদশ সংসদ নির্বাচনের জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে দাখিল করার ওই দুই প্রার্থীর পৃথক হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
দলীয় সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে ঢাকার শাহবাগ, রমনা, পল্টন, তেজগাঁও, মতিঝিল, মিরপুর ও হাতিরঝিলসহ বিভিন্ন থানা ও আদালতে ৪৬ টি মামলা রয়েছে।

 

এরমধ্যে অধিকাংশ মামলাই বিশেষ ট্রাইব্যনাল আইনে দায়ের করা। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা রয়েছে। মামলাগুলোর কয়েকটি চলমান, অন্যগুলো স্থগিত ও চার্জ গঠনের অপেক্ষায় রয়েছে। এরআগে এ্যানি চৌধুরী বিরুদ্ধে লক্ষ্মীপুর সদরসহ বিভিন্ন থানায় দায়ের করা ২০ টি মামলায় অব্যাহতি পেয়েছেন বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন।

 

সাহাবুদ্দিন সাবুর বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে তিনটি মামলা চলমান। তিনি পূর্বে ফৌজদারী আইনে দায়ের করা তিনটি মামলা থেকে খালাস পেয়েছেন।

 

এদিকে এ আসনে আওয়ামী লীগ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে মনোনয়ন দেওয়া হয়। নিজেদের বিরুদ্ধে কোন মামলা নেই বলে দাখিল করা পৃথক হলফনামায় উল্লেখ করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন