যেখানে নৌকার এজেন্ট কেন্দ্রেই আসেনি!

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২১ ১১:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা প্রতীকের এজেন্ট দেখা যায়নি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত ওই কেন্দ্রে নৌকার একজন এজেন্টও আসেননি! কেন্দ্রে পুরো সময়জুড়ে অন্য চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) প্রার্থীদের এজেন্ট থাকলে আওয়ামী লীগের এজেন্টের খবর ছিল না।

ভোট কেন্দ্রে অন্যপ্রার্থীর ৬ জন এজেন্টের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোট শুরু আগেই তারা কেন্দ্রে এসেছেন। নৌকার একজন এজেন্টও আসেনি। আশপাশে খবর নিয়েও কাউকে দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা কমিটির দুইজন সিনিয়র আওয়ামী লীগ নেতা বলেন, নৌকা আমাদের শেষ আস্থা। সেখানে আওয়ামী লীগের প্রার্থী এজেন্ট দিতে পারেননি, এটা ভাবতেও অবাক লাগে! এতো খারাপ অবস্থা আর কখনো দেখিনি।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক অফিসার আনোয়ার পারভেজ বলেন, নৌকার একজন এজেন্ট ছিলেন। ভোট চলাকালিন তিনি বাইরে গেছেন কি না, তাআমার জানা নেই। ভোট গণনা হচ্ছে। তিনি উপস্থিত আছেন। এখানে ১৪১৯ জনের মধ্যে ১০৬০ জন ভোট দিয়েছেন।

এখানে নৌকার প্রার্থী চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর। প্রতিদ্বন্দ্বী হলেন বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী হোসেন হাওলাদার (আনারস), হাতপাখার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহসহ ৭ জন প্রতিদ্বদ্বিতা করছেন ।

প্রসঙ্গত, এজেন্ট না দিতে পারা কেন্দ্রটি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজুর ভোট কেন্দ্র।

এজেন্ট না দেওয়ার বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম সাগরের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন