ভোরেই সম্মেলনস্থল এমপি নয়নের সমর্থকদের দখলে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২২ ৯:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে উৎসব-উদ্দীপনায় আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি সরব দেখা গেছে। সকাল ৭ টা থেকে ৮ টা পর্যন্ত এক ঘন্টায় সম্মেলন স্থলের চেয়ারগুলো তারা দখল করে নিয়েছে। প্রত্যেকের গায়েই সাধারণ সম্পাদক প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপির ছবি সংবলিত কমলা রঙের গেঞ্জি দেখা গেছে। তবে অন্য প্রার্থীদের নেতাকর্মীরাও জেলা স্টেডিয়াম মাঠে আসতে শুরু করেছে।

এর আগে সোমবার রাতে কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে যোগ দিতে শহরে অবস্থান নিয়েছিল। ভোর হয়েই তারা ছোট ছোট মিছিল নিয়ে সম্মেলন স্থলে পৌঁছায়।

এদিকে সদর (পশ্চিম) উপজেলা যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক মাহাবুব ও সদর (পূর্ব) উপজেলা যুবলীগের আহবায়ক আমির হোসেনের নেতৃত্বে একটি মিছিল সম্মেলন স্থলে আসতে দেখা যায়। এতে সবার পড়নে এমপি নয়নের ছবি সংবলিত গেঞ্জি থাকলেও তাদের মুখে স্লোগান ছিল ভিন্ন। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র আবু তাহেরকে নিয়ে স্লোগান ভেসে আসে। স্লোগান ছিল দুর্দিনের তাহের ভাই, আমরা তোমায় ভুলি নাই। মিছিলে জেলা যুবলীগের সাবেক সভাপতি তাহেরপুত্র একেএম সালাহ উদ্দিন টিপুও উপস্থিত ছিলেন।

জানা গেছ, গেল সম্মেলনেও সাবেক মেয়র আবু তাহের আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ছিলেন। কিন্তু এবার তার কোন প্রচারণা নেই। প্রার্থীতার দৌঁড়েই তিনি সামিল হননি। তার ছেলেরা এমপি নয়নের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে তার পক্ষে একটি ব্যানার পেস্টুনও দিতে দেখা যায়নি।

দলীয় সূত্র জানায়, সবশেষ ২০১৫ সালের ৩ মার্চ জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় ৭ বছর ৮ মাস পর মঙ্গলবার (২২ নভেম্বর) সম্মেলনের আয়োজন করা হয়েছে। সকাল ১০ টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনের উদ্ভোধন করবেন। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রধান বক্তা যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা কমিটির সহ-সভাপতি সফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আলোচনার শীর্ষে রয়েছে। সাধারণ সম্পাদক পদে নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন, নুরুল হুদা পাটওয়ারী রয়েছেন। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিয়ম রক্ষার আরো বেশ কিছু প্রার্থী রয়েছেন। নুর উদ্দিন চৌধুরী নয়ন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন