‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ চলচ্চিত্রটি তরুণ প্রজন্মের মাঝে সঠিক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ মার্চ, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, চলচ্চিত্রের আবেদন অনেক গভীর। এ সময়ে স্পীকার বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ শীর্ষক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ গ্রহণ খুবই প্রশংসনীয়।

স্পিকার শুক্রবার বিকালে ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ শীর্ষক চলচ্চিত্রটি এটিএন এন্টারটেইনমেন্ট লিঃ এর আয়োজনে শুভ মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি মজিবুল হক, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর নজরুল ইসলাম খান এবং ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ শীর্ষক চলচ্চিত্রটির পরিচালক অনন্যা রুমা বক্তব্য রাখেন।

চলচ্চিত্রটির পরিচালক অনন্যা রুমা এবং আয়োজক এটিএন এন্টারটেইনমেন্ট লিঃ কে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর জীবনদর্শন, আদর্শ ও কর্মধারা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় ও আগামীর দিকনির্দেশক। চলচ্চিত্রটিতে উঠে এসেছে ‘৭৫ এর ১০ আগস্ট থেকে শুরু করে ১৯৭৫ এর ১৫ আগস্ট এর নির্মম হত্যাযজ্ঞের আলেখ্যচিত্র যা বর্তমান সময়ে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড পর্যন্ত বিস্তৃত।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা আর সেই স্বাধীনতা রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও নারী ক্ষমতায়নের রোল মডেল। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে অর্থনীতিকে শক্তিশালী ভিত দিয়েছেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭৫ সালে জাতির পিতার নির্মম হত্যাকান্ডের পর প্রধানমন্ত্রী দেশে ফিরে এসে এদেশের জনগণের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের বিচার, যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমে দেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত করেছেন। এ সময় স্পীকার করোনা থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের জন্য আজ তিনি নারী নেতৃত্বের শীর্ষে রয়েছেন বলে উল্লেখ করেন।

বক্তব্যের শেষে স্পীকার ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ শীর্ষক চলচ্চিত্রটির শুভ মহরতের উদ্বোধন ঘোষণা করেন। একইসাথে এটিএন বাংলায় প্রচারিতব্য ধারাবাহিক অনুষ্ঠান ‘উন্নয়নে বাংলাদেশ’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন