পোস্টার ছেয়ে গেছে কেন্দ্র, বইছে উৎসবের আমেজ
স্টাফ রিপোর্টার : আগামীকাল ‘প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক ওনার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর শাখার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। স্বল্প মূল্যে উন্নত প্রযুক্তি নির্ভর আধুনিক সেবা নিশ্চিতের লক্ষ্যে গঠিত এই সংগঠনের ভোটকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ। গুরুত্বপূর্ন স্থানের পাশাপাশি প্রার্থীদের প্রচারণামূলক পোস্টারে ছেয়ে গেছে ভোট কেন্দ্র লক্ষ্মীপুর প্রেসক্লাবও। সংগঠনটির নেতৃত্বে আসতে চমকপ্রদ নানা প্রতিশ্রুতি নিয়ে শেষ মুহুর্তে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে তাদের বিরামহীন প্রচারণা।
সংগঠনকে গতিশীল ও হসপিটাল এন্ড ডায়াগণস্টিকের স্বার্থে যারা কাজ করবে, তাদেরকেই নির্বাচিত করার কথা ভাবছেন ভোটাররা।
তারা বলছেন, বিভিন্ন সময় অন্যায়ভাবে রোগী ও তাদের স্বজনরা ডাক্তার, নার্স ও হাসপাতাল সংশ্লিষ্টদের লাঞ্চিত করে থাকেন। অনেক সময় ভাঙচুর চালানো হয় হাসপাতাল। কখনো ভ্রাম্যমান আদালতের নামে প্রশাসন কর্তৃক জরিমানা গুনতে হয়। যদিও এসব অন্যায়ের প্রতিবাদ কখনো তারা করেননি। নিজেরা সংঘবদ্ধ না থাকায় বছরের পর বছর নিরবেই সহ্য করে যাচ্ছেন।
অন্যদিকে হাসপাতাল ও ডায়াগণস্টিক মালিকদের সুসংগঠিত করে সকল অন্যায়ের মোকাবেলা মাধ্যমে লক্ষ্মীপুরের চিকিৎসা সেবাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শুধু তাই নয়, নির্বাচিত হলে ‘স্বল্প মূল্যে উন্নত প্রযুক্তির আধুনিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে’ তারা সর্বদা কাজ করে যাবেন।