নিষেধাজ্ঞা নিয়ে আমরা চিন্তিত নই : কাদের

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে বলে যে গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে সে সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এসব নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়। নিষেধাজ্ঞা এলে বিএনপি ও তাদের দোসরদের ওপর আসা উচিত বলে মনে করেন তিনি।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা কোনো ধরনের নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নই। সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচন হবে, এখানে নিষেধাজ্ঞা এলে বিএনপির বিরুদ্ধে আসা উচিত। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে বিএনপি ও তার দোসরা সেটার জন্য যোগ্য।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর পুরোপুরি নির্বাচনী আচরণবিধি মেনে ব্যক্তিগত গাড়ি নিয়ে নির্বাচনী এলাকায় গেছেন বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে পুরোপুরি সহযোগিতা করে যাচ্ছি।

নির্বাচন সামনে রেখে প্রশাসনে রদবদলের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করতে ইউএনও ও ওসিদের বদলি করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাচন কমিশন থেকে আমাদের অনেক এমপি-মন্ত্রী কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন, যা বিরল।

কোনো বাধা নির্বাচন ঠেকাতে পারবে না জানিয়ে কাদের বলেন, কোনো বাধা, হুমকি, অগ্নিসন্ত্রাস বা নাশকতা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিএনপি ও তার সহযোগীরা ভোটে আসেনি, কিন্তু জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গার্মেন্ট সেক্টর নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। নিজেদের বাণিজ্যিক স্বার্থে একটি মহল শ্রমিকদের ব্যবহারের পাঁয়তারা করছে। আমাদের অর্থনৈতিক স্বার্থে গার্মেন্টসের শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে।

আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শ্রম আইন আরও উন্নত করা হবে জানিয়ে তিনি বলেন, যারা এটা নিয়ে রাজনীতি করছে তারা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন