পায়ে হেঁটে ৬৪ জেলায় কাউছারের বৃক্ষরোপণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০১৯ ৪:৫৮ অপরাহ্ণ

বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে নারায়ণগঞ্জ জেলার ছেলে কাউছার আহমেদ পায়ে হেঁটে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করবেন। ‘ঘুরে দেখি বাংলাদেশ, সুন্দর থাকুক পরিবেশ’ স্লোগান নিয়ে ৫৫তম জেলা লক্ষ্মীপুরে আসেন।

প্রত্যেক জেলাতেই তিনি একটি করে গাছের চারা রোপন করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) ভোর ৬টায় ৫৬ তম জেলা চাঁদপুরের উদ্দেশ্যে লক্ষ্মীপুর থেকে তিনি রওয়ানা দেন।


জানা গেছে, ৫৩তম জেলা বরিশাল শেষ করে কাউছার শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে আসেন। শহরের বাগবাড়িতে এন আর গেস্ট হাউসে তিনি রাত যাপন করেছেন। কাউছারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। শনিবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ উমেষ চন্দ্র লোধের হাতে তিনি ৫৫তম গাছের চারা তুলে দেন।

এসময় তার এমন উদ্যোগকে স্বাগত জানান স্বেচ্ছাসেবীরা। শনিবার ৪৪তম দিনে তিনি রামগঞ্জ হয়ে চাঁদপুর ও পরে শাহরাস্তি হয়ে ৫৭তম জেলা কুমিল্লায় যাবেন। প্রতিদিন তিনি গড়ে ৪৮ কিলোমিটার হাঁটছেন।


কাউছার জানান, গত ১ নভেম্বর নিজ জেলা নারায়নগঞ্জ থেকে তিনি যাত্রা শুরু করেন। গত ৪৩ দিনে তিনি পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন দেশের ৫৪ টি জেলা। এরজন্য তাকে ২০৭৭.৩২ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কল্যান্দী রঘুনাথপুর গ্রামের মৃত মোঃ কামিজ উদ্দিনের ছেলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি তোলারাম কলেজ থেকে তিনি মাস্টার্স শেষে ব্যবসা করছেন। বিখ্যাত প্রতœতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. সূফি মোস্তাফিজুর রহমানের উৎসাহে তিনি এ ভ্রমণটি শুরু করেন।


জানতে চাইলে কাউছার আহমেদ বলেন, পর্যটন করপোরেশনের পক্ষ থেকে তরুণদের অনুপ্রেরণা জোগাতে হেঁটে ভ্রমণটি শুরু করি। এরসঙ্গে প্রত্যেকটি জেলায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করছি। ৫৪তম জেলা হিসেবে বরিশাল শেষ করে লক্ষ্মীপুর এসেছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন