নারায়ণগঞ্জে নৌকার পক্ষে প্রচারণায় আ.লীগ নেত্রী ফরিদুন্নাহার লাইলী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলের মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের কৃষি ও সময়বায় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী।

নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। হ্যান্ডবিল, লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটের মাঠে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা নিয়ে লড়ছেন সেলিনা হায়াৎ আইভী। নৌকার এই প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্ব পেয়েছেন ফরিদুন্নাহার লাইলী। দায়িত্ব পাওয়ার পর গত ১ জানুয়ারি থেকে আইভীর পক্ষে প্রচারণা শুরু করেছেন তিনি।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি (নাসিক) নির্বাচনে মেয়র প্রার্থী আইভীর পক্ষে ভোট চাইতে গিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন আওয়ামী লীগের এ নেত্রী।

বীর মুক্তিযোদ্ধা ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ফরিদুন্নাহার লাইলী দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। নৌকার মেয়র প্রার্থীর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে তিনি ঘুরছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, চা-দোকানসহ মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। রিক্সাচালক, ভ্যানচালক, অটোচালক, সবজি বিক্রেতাসহ সাধারণ ভোটারদের কাছে গিয়ে নৌকায় ভোট চাচ্ছেন ফরিদুন্নাহার লাইলী। হাতে নৌকার মার্কার লিফলেট নিয়ে তিনি ছুটছেন সর্বস্তরের ভোটারদের দ্বারে দ্বারে। তার সাথে প্রতিদিন আওয়ামী লীগের কৃষি বিষয় উপ-কমিটির অন্যতম সদস্য আব্দুল্যা আল মামুনসহ কমিটির অন্যান্য সদস্যরা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থাকছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় প্রায় ৩৭ হাজার ভোট রয়েছে। বিশাল এই ভোট ব্যাংক নৌকার পক্ষে নিতে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে ফরিদুন্নাহার লাইলীকে নৌকার পক্ষে মাঠে নামায় আওয়ামী লীগ। সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ফরিদুন্নাহার লাইলী প্রচারণায় নামার পর সিদ্ধিরগঞ্জের চিত্র পাল্টাতে শুরু করেছে। সাধারণ ভোটারদের মধ্যে ফিরে এসেছে নতুন উদ্দীপনা।

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী বলেন, নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন বানচালের জন্য বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে। আমরা প্রতিদিন মানুষের ঘরে ঘরে গিয়ে আইভীর জন্য, নৌকা মার্কার জন্য ভোট চাইছি। আর বিএনপি অভিযোগের ডালা নিয়ে বসে আছে। নারায়ণগঞ্জ সিটির মানুষের মধ্যে আইভী ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি নারায়ণগঞ্জে স্বচ্ছ রাজনীতির মডেল। তার বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ নেই। নৌকার জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। আইভী একজন যোগ্য ব্যক্তি। তিনি নির্বাচিত হয়ে প্রমাণ করবেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সাধারণ মানুষের পছন্দের শীর্ষে রয়েছে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন