দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২১ ২:০৪ অপরাহ্ণ

যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

৩১শে অক্টোবর জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলরে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ জলবায়ু সম্মেলনের মূল পর্বে অংশগ্রহণের পাশাপাশি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন।

সফরকালে, এছাড়া কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস, স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার নিকোলা স্টার্জন, প্রিন্স চার্লস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনসহ বিশ্ব নেতাদের সাথে বৈঠক করেন।

৩রা নভেম্বর দুপুরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ লন্ডনে যান। ওইদিন লন্ডনে পৌঁছার পর ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার স্যার লিন্ডসে হোইলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী সেখানে ‘‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ”, বঙ্গবন্ধুর ওপর সিক্রেট ডকুমেন্টের আন্তর্জাতিক প্রকাশনা এবং লন্ডনে বসবাসরত বাংলাদেশী সম্প্রদায়ের নাগরিক সংবর্ধনা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন।

৯ই নভেম্বর সকালে তিনি এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে প্যারিসের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। একই দিন ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছার পরপরই শেখ হাসিনা এলিসি প্যালেসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সেদিনই তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সাথে তাঁর সরকারি বাসভবন ম্যাটিগননে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

প্রধানমন্ত্রী ইউনেস্কো সদর দফতরে ‘‘ইউনেস্কো-বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’-র পুরস্কার বিতরণী অনুষ্ঠান’’, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকী উদযাপনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন।

সফরের শেষ মুহূর্তে শেখ হাসিনা ১৩ই নভেম্বর ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যোগদান করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন