দুই আসনেই বিপুল ভোটে নৌকার জয়
যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকার দুই প্রার্থী শাহীন চাকলাদার এবং সাহাদারা মান্নান শিল্পী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার এই দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
যশোর-৬ (কেশবপুর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ১২ ভোট।
তবে বিএনপি কেন্দ্রীয়ভাবে নির্বাচন বর্জন করায় মাঠে ছিলেন না আবুল হোসেন আজাদ। অপর প্রার্থী জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৭৮।
চলতি বছরের ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। এরপর বিজ্ঞপ্তি জারি করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
অপরদিকে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী ১২৩টি কেন্দ্র থেকে প্রাপ্ত এক লাখ ৪৫ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ পেয়েছেন এক হাজার ৫৯৯ ভোট।
রিটার্নিং অফিসার কার্যালয়ের সূত্র জানায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান বগুড়া-১ আসনে পর পর তিনবার এমপি নির্বাচিত হন। গত ১৮ জানুয়ারি তার মৃত্যুতে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় গণনা।