চার দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২০ ১:১৭ অপরাহ্ণ

দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ওমিদুলের (১৩) মরদেহ চারদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, রোববার ভোরে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ওমিদুল গরু আনতে গেলে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানার রাঙ্গীয়াপোতা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। পরে তারা মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। হত্যার চার দিন পর দর্শনা সীমান্ত দিয়ে পতাকা বৈঠককের মাধ্যমে মরদেহ ফেরত দিল।

বৈঠকে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপ-অধিনায়ক আহমেদ ও ফেরদোস, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার মো. বারেক, দর্শনা থানার এসআই শরিফুল ইসলাম, ভারতের নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শ্রী নগেনদার, কৃষ্ণনগর থানা পুলিশ, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তা গন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন