চার ঘন্টা চিকিৎসকের জন্য অপেক্ষায় হাসপাতালে রোগীর মৃত্যু
রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে চার ঘন্টা চিকিৎসকের জন্য অপেক্ষা করতে গিয়ে একটি প্রাইভেট হাসপাতালে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে সকিনা বেগম (৬২) নামের এক বৃদ্ধকে পৌর শহরের জনসেবা প্রাইভেট হাসপাতালে আনলে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের দাবি। উত্তেজিত রোগীর স্বজনরা ওই হাসপাতল ভাঙচুর করে। এসময় হাসপাতালের দায়িত্বে থাকা ৫ জনকে পিটিয়ে আহত করা হয়।
এ ঘটনায় হাসপাতালের পিয়নসহ ২ জনকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
বৃদ্ধের পুত্রবৌধু পারভীন আক্তার জানায়, হাত-পা জ্বালা যন্ত্রনার কারণে বৃদ্ধ শাশুড়ী সকিনা বেগমকে জনসেবা প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য ডাক্তার নাজমুল হাসানের কাছে আনা হয়। কিন্তু হাসপাতালের পিয়ন ও কর্তৃপক্ষ চিকিৎসক দেখাবে দেখাবে বলে ৪ ঘন্টা কালক্ষেপণ করে ১টি কক্ষে অপেক্ষায় রাখে। পরে ৪ ঘন্টাপর চিকিৎসক গিয়ে দেখেন ওই বৃদ্ধা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এতে উত্তেজিত রোগীর স্বজনরা হাসপাতালে ঢুকে অভিযুক্ত পিয়নসহ ৫ জনকে মারধর করে হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।