করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪
চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩৮০ জনেরও বেশি মানুষ।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পুরো চীনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২ হাজার ৫শ ৯০ জন আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা ভাইরাসের কারণে চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন দেশ। পাশপাশি করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর থেকেও নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ।
এদিকে করোনা ভাইরাস নিয়ে ইতিমধ্যে পুরো বিশ্বে জরুরি অবস্থার ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (৩১ জানুয়ারি) সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রের যে সব নাগরিক সম্প্রতি চীন ভ্রমণ করেছে তাদের দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
হুবেই প্রদেশেই নতুন করে ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উহান শহরে এখন পর্যন্ত মোট ২২৪ জন প্রাণ হারালেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯২১ জন। এই প্রদেশেই মোট আক্রান্তের সংখ্যা ৯০৭৪ জন।
চীনা নাগরিকদের অভিযোগ ভাইরাস ঠেকাতে কর্তৃপক্ষের নেয়া ব্যবস্থা যথেষ্ট নয়। এক্ষেত্রে কর্তৃপক্ষের ধীর গতির কথা স্বীকার করে নিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির উহান পৌর শাখার সেক্রেটারি মা গুয়োকিয়াং।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে তিনি বলেন, এই মুহূর্তে আমি অপরাধী, অনুতপ্ত বোধ করছি। আগেই যদি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কঠোর করা হতো তাহলে এখন ফলাফল অনেক ভালো হতো। তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দাবি, এই সংকট কাটিয়ে ওঠার ক্ষমতা চীনের রয়েছে।