বিপুল ভোটে বিজয়: ঢাকাবাসীর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২০ ২:১৩ অপরাহ্ণ

দুই সিটি করপোরেশন নির্বাচনে নিজ দলের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করায় ঢাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইডিইবির ২৩তম জাতীয় সম্মেলনে দেয়া ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আইডিইবির সম্মেলনে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্প বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জ ছিল। কথিত দুর্নীতির অভিযোগ ওঠার পর নিজস্ব অর্থায়নে সেতুটি করার সিদ্ধান্ত বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে। যে জাতি মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে সে জাতি মাথা নিচু করে থাকতে পারে না বলে জানান সরকারপ্রধান।

তিনি জানান, গত ১০ বছরে তার সরকার দেশের অনেক কিছু পরিবর্তনে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকায় এটা সম্ভব হয়েছে।

শেখ হাসিনা জানান, দেশে এখন দারিদ্র্যসীমা ২০.৫ ভাগ। মুজিব বর্ষে সেটা এক দুই ভাগ কমিয়ে আনা তার সরকারের লক্ষ্য। এভাবে উন্নয়ন অব্যাহত থাকলে দেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণা সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন