অনুমোদনহীন ক্লিনিক মালিক ও ভুয়া চিকিৎসকের কারাদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের অনুমোদনহীন ক্লিনিক মালিক ও এক ভুয়া চিকিত্সককে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে র্যাবের অভিযানে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
র্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে আলফাডাঙ্গা উপজেলা সদরের অনুমোদনহীন পপুলার হাসপাতালে অভিযান চালিয়ে মালিক মো. বায়োজিদ (৩০)কে আটক করা হয়। পরে হেলথ এইড মেডিক্যাল স্টোরে অভিযান চালিয়ে সুখেন কুমার বিশ্বাস (২৬) নামে এক ভুয়া চিকিত্সককে আটক করা হয়। আটক দুজনকেই ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত দুইজনকে আলাদা আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান জানান, অনুমোদনহীন ক্লিনিক পরিচালনার জন্য বায়োজিদকে ১৯৮২ সালের মেডিক্যাল প্রাকটিস ও বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ও সুখেনকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারাদণ্ড দেওয়া হয়েছে।