গভীর রাতে রামগঞ্জে স্বর্ণের দোকানে চুরি
রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের পাটবাজার বধুয়া শিল্পালয় নামে একটি দোকান থেকে স্বর্ণ চুরি করেছে সংঘবদ্ধ চোর। দোকানের মালিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোররাতে চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি, চোরেরা তার প্রায় ৩ ভরি স্বর্ণ নিয়ে গেছে। ঘটনার পর বৃহস্পতিবার সকালে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঘটনাটি ভোরে ঘটলেও সকাল সাড়ে ৯টার দিকে রতন ভণিক প্রথমে বধুয়া শিল্পালয়ের দোকানের পিছনের দরজা খোলা দেখতে পান। রতন তৎক্ষণাৎ আশেপাশের লোকজনকে ডাকেন। পরে রতন বধুয়া শিল্পালয়ের মালিক কান্তি কর্মকারকে ফোন দিয়ে জানালে তিনি দোকানে আসেন।
দোকানের মালিক কান্তি কর্মকার বলেন, রতন আমাকে জানালে প্রথমে গেট খুলে ভেতরে প্রবেশ করি। ঢুকে দেখি পেছনের দরজা খোলা। ওই রাতে আমার দোকানের কর্মচারী উত্তর দাস ছুটিতে থাকায় দোকানে ঘুমায়নি। এসময় চোরেরা দোকানে ঢুকে আমার প্রায় ৩ ভরি স্বর্ণ নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। বিষয়টি তাৎক্ষণিকভাবে রামগঞ্জ থানা পুলিশকে জানাই।
এদিকে চুরির খবর পেয়ে কিছুক্ষণ পর রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুরো বিষয়টি খতিয়ে দেখে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানান।
বধুয়া শিল্পালয়ের সিসিটিভি ক্যামেরা না থাকায় এবং পেছনের দরজা দিয়ে চোরেরা প্রবেশ করায় এবং আশেপাশের দোকানের ক্যামেরা কিছুই দেখা যায়নি বলে এ ঘটনায় কাউকে সন্দেহ করা যাচ্ছে না বলে জানান দোকানের মালিক কান্তি কর্মকার।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করেছি। বিষয়টি তদন্তাধীন।