লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেপ্তার
নিজস্ব সংবাদদাতা: নোয়াখালীর চাটখিল থানার অস্ত্র মামলায় ৭ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম টেলুকে গ্রেপ্তার করা হয়েছে। টেলু লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে পশ্চিম করপাড়া এলাকা থেকে রামগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
এদিকে ২০২০ সালে ১৩ জানুয়ারি রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার পালের বাড়ির সামনে রামগঞ্জ-হাজিগঞ্জ সড়ক থেকে টেলুকে ১৫টি ইয়াবা নিয়ে রামগঞ্জ থানা পুলিশ আটক করে। রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় দাসের দায়েরকৃত মামলায় ২০২৩ সালের ১৭ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রামগঞ্জ আদালত টেলুকে ৭ বছরের সাজা দেয়। একই সঙ্গে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ওইদিন তাকে কারাগারে পাঠালেও কিছুদিনের মধ্যেই তিনি জামিনে মুক্ত হন।
টেলু পশ্চিম করপাড়া গ্রামের আরব আলী দরবেশ বাড়ির মৃত মন্তাজ মিয়ার ছেলে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, টেলু গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি ছিল। নির্দেশনা পেয়ে আমরা তাকে গ্রেপ্তার করেছি। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত থেকে তাকে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।
রামগঞ্জ থানা পুলিশ জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর নোয়াখালীর চাটখিল থানা পুলিশ আগ্নেয়াস্ত নিয়ে টেলুকে আটক করে। একইদিন তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। পরে তিনি জামিনে মুক্ত হন। ওই মামলায় ২০২৩ সালের ২৩ নভেম্বর নোয়াখালী আদালত তাকে ১ বছরের কারাদণ্ড দেন। রায়ের দিন তিনি আদালতে উপস্থিত ছিলেন না। বুধবার (২৪ জানুয়ারি) রামগঞ্জ থানায় টেলুর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানার আদেশ পৌঁছায়। অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তারে সক্ষম হয় রামগঞ্জ থানা পুলিশ।