লক্ষ্মীপুরে রকি-শাহাদাতের সামনেই ছাত্রলীগের ধুম মারামারি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ছাত্রলীগ আয়োজিত টুর্নামেন্টে ফুটবল খেলোয়াড় নাজমুল হাসান সাকিব (২২) এর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে নাজমুল রক্তাক্ত জখম হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত সাকিব জানান, ফুটবল খেলা চলাকালে আমি একটি গোল দেই। এ গোলকে কেন্দ্র করে হামলাকারীরা অন্যয়ভাবে আমাকে এলোপাতাড়ি মারধর করছে। এতে আমার মাথা ও হাত-পায়ে মারাত্মক জখম হয়। আমি এ ঘটনার সঠিক বিচার চায়।

এর-আগে বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে জেলা ছাত্রলীগের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট খেলার শেষে এ হামলার শিকার হন খেলোয়াড় সাকিব।

সাকিব সদর উপজেলার আটিয়াতলী গ্রামের মৃত সেলিম ভূঁইয়ার ছেলে। ছোটবেলা থেকে সেই ভালো ফুটবল খেলতে পারে।

খোঁজখবর নিয়ে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। এ খেলায় অংশগ্রহণ করেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিট। আজ বিকেলে সদর উপজেলার ছাত্রলীগ বনাম পৌর ছাত্রলীগের খেলা ছিলো। পৌর ছাত্রলীগ ১ গোল ও সদর উপজেলা ছাত্রলীগ ১ গোলে খেলা ড্র হয়। পরে ট্রাইবেকার পৌর ছাত্রলীগ বিজয়ী হন। তবুও খেলা শেষে পৌর ছাত্রলীগের রাহিম, তুষার, সাইমুনসহ অসংখ্য নেতাকর্মী খেলোয়াড় সাকিবকে মারধর করে। চাপাতি, কাঁচের বোতল দিয়ে বেদম মারধর করা হয়। এতে খেলোয়াড় সাকিবের মাথা ফেটে যায়। হামলার সময় জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া খেলার মাঠে উপস্থিত ছিলেন।

খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির (এসআই) অলী উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে সদর হাসপাতাল পরিদর্শন করেন।

শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন