লক্ষ্মীপুরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ৮:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে জেলের জালে বিরল প্রজাতির ‘সাকার মাউথ ক্যাট ফিস’ মাছ ধরা পড়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় মাছটি নিয়ে স্থানীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। মাছটির আনুমানিক ওজন এক কেজি। স্থানীয় গোবিন্দ মাতব্বর জেলেদের নিকট থেকে মাছটি কিনে নেন।
এর আগে, এক জেলে মাছটি বিক্রি করতে জেলা শহরে নিয়ে আসে। এক হাজার টাকা দাম হাঁকিয়ে বিক্রি করা হয় তিনশ টাকায়। বিরল এ মাছটি মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ে বলে জানাগেছে।

মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগ। মাছটি দেখতে ভিড় করেছে উৎসুক জনতা। উৎসুক জনতা মানিক বলেন, আমি কখনো এই প্রজাতির মাছ দেখিনি। তবে মাছটি দৃষ্টিনন্দন।

ক্রেতা গোবিন্দ মাতাব্বর বলেন, শনিবার মাছটি বিক্রির জন্য শহরে নিয়ে আসে এক জেলে। অচেনা মাছটির কোনও ক্রেতা মেলেনি। তবে এটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমায়। বিরল প্রজাতির মাছটি মেরে ফেলতে পারে এমন চিন্তায় শখের বসে মাছটি তিনশ টাকা দিয়ে ক্রয় করি। মাছটি দুই দিন ঘরে পানি দিয়ে জিয়ে রাখি। তবে তিনি মাছটিকে না মেরে খালের জলে অবমুক্ত করে দিবেন বলেও জানান।

এ বিষয়ে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, মাছটি গভীর পানির মাছ। ফলে এটি সহজে ধরা পড়ে না। স্রোতের তোড়ে মাছটি খালে ঢুকে পড়েছে। মাছটি সাকার মাউথ ক্যাট ফিস নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। এমন বিরল প্রজাতির মাছ ধরা পড়লে মাছটি না মেরে জেলেদের নদীতে অবমুক্ত করে দেওয়ার পরামর্শ দেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন