নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী মনিরকে গ্রেপ্তার করতে গিয়ে আহত ওসি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ৫:০০ অপরাহ্ণ

নোয়াখালী জেলার চাটখিলর শীর্ষ সন্ত্রাসী মনির হোসেন (৩৬) রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে ককটেল ফাঠিয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে চাটখিল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে মনিরকে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশের ওপর হামলা করে। এতে ওসি হুমায়ন কবির আহত হন।

সন্ত্রাসী মনির উপজেলা বারইপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, মনির দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, ধর্ষণচেষ্টাসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। এরমধ্যে গত এক সপ্তাহ ধরে চাটখিল সরকারি কলেজে গিয়ে শিক্ষার্থীদের ইভটিজিং করছে।

এছাড়া, ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে গিয়ে চাঁদা দাবি, ফেরিওয়ালার টাকা লুটে নেয়াসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে মানুষকে হয়রানি করে আসছে। তবে মনিরের অস্ত্রের ভয়ে কেউ তার নাম প্রকাশ করতে চাচ্ছে না।

স্থানীয় জনপ্রতিনিধিসহ সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের অনেকের সাথে কথা বলে জানা যায়, মনির নিজেকে জাতীয় সংসদের স্পীকারের নিকট আত্মীয় পরিচয় দিয়ে থাকে। অথচ খোঁজ নিয়ে জানা যায়, স্পীকারের পরিবারের সাথে তার কোন সম্পর্ক নাই। সে একজন শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেপ্তরের খবর শুনে চাটখিলবাসী সস্তির নিঃশ্বাস ফেলেছে। এলাকাবাসী তার বিচার দাবি করেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, মনিরকে গ্রেপ্তার করতে গিয়ে থানার তদন্ত ওসি আহত হয়েছে। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন