নিরাপত্তা ও সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন
নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীর ও কর্মী-সমর্থকদের নিরাপত্তা, সুষ্ঠু ভোট গ্রহণের দাবি এবং নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র (আনারস প্রতীক) প্রার্থী মিজানুর রহমান শিপন। রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ইউনিয়নের খলিফারহাট বাজারে নিজ নির্বাচনি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান শিপন অভিযোগ করে বলেন, আগামী ২৬ ডিসেম্বর (রোববার) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী দেলোয়ার হোসেন দেলু আমার এবং আমার সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারসহ বিভিন্নভাবে হয়রানির পরিকল্পনা করছে। প্রতিনিয়ত তার নির্বাচনি অফিসসহ নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করছে। ভোটের দিন কেন্দ্র দখল করে নিবে বলেও সাধারণ ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছে। কেন্দ্রে যেতে তাদের নিষেধ করছে তার লোকজন।
তিনি বলেন, নৌকার লোকজন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে ভোটের আগে তারা আমার নির্বাচনি অফিসগুলো ভাংচুর করবে এবং তাদের নিজেদের অফিস ভেঙ্গে আমি এবং আমার কর্মী-সমর্থকদের মামলা দিয়ে গ্রেপ্তার করাবে। আমার কর্মী-সমর্থকরা যদি নির্বাচনি মাঠ থেকে সরে না যায়, তাহলে তাদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে এলাকা ছাড়া করবে।
আনারস প্রতীকের প্রার্থী বলেন, নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থীর এমন কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়াও আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। নিজের ও নেতাকর্মীদের নিরাপত্তা চেয়ে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করেন এই প্রার্থী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রাসেল, সোহরাব হোসেন রুবেল প্রমুখ।