চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২১ ১২:৪৪ অপরাহ্ণ

চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত যুবকের নাম মো. রুবেল। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ওই এলাকার মা ডকইয়ার্ডের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল চাঁদপুর পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে।

স্থানীয়রা জানায়, শহরের পুরান বাজারে গভীর রাতে রুবেল ও তার বন্ধু রাব্বি গাঁজা সেবনের সময় কাউকে আসতে দেখে পুলিশ ভেবে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেয়। ওই সময় রাব্বি পাড়ে উঠতে পারলেও রুবেল নিখোঁজ হয়। সকালে ফায়ার সার্ভিসের একটি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দিনগত রাতে ৫নং ঘাটে দুইজন বসে মাদক সেবন করছিল। জনৈক ব্যক্তি নদীর পাড়ে টস লাইট মারার কারণে তারা পুলিশ ভেবে নদীতে ঝাঁপ দেয়। এ সময় রুবেল ডাকাতিয়া নদীতে তলিয়ে যায়।

তিনি আরো বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন