করোনায় সেবা দিতে লক্ষ্মীপুর জেলা পরিষদের ৯ অক্সিজেন সিলিন্ডার পেল স্বেচ্ছাসেবীরা
নিজস্ব সংবাদদাতা: করোনা আক্রান্তদের সেবা নিশ্চিতে লক্ষ্মীপুর জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বিনামূল্যে ৯ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান স্বেচ্ছাসেবীদের হাতে সিলিন্ডারসহ সুরক্ষা সামগ্রী তুলে দেন।
জেলা পরিষদ সূত্র জানায়, করোনার শুরু থেকেই জেলা পরিষদ অসহায় মানুষের পাশে রয়েছে। সরকারি সকল নির্দেশনা অনুযায়ী অসহায়দের খাদ্য সহায়তা, করোনা থেকে সুরক্ষিত রাখতে জনসাধারণের মাঝে মাস্ক ও হ্যান স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবীদের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদেরকেও সহযোগীতা করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন মেঘ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাহাদ বিন বেলায়েত বলেন, করোনা রোগীদের সঠিক সময়ে অক্সিজেন ব্যবস্থা করে দিতে হয়। তা না হলে রোগীর দুর্বল হয়ে পড়ে। এজন্য আমরা বিভিন্ন জনের সহযোগীতায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রস্তুত থাকি। জেলা পরিষদও এখন রোগীদের সেবা নিশ্চিতে অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমাদের সহযোগীতা করেছেন।
জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনায় রোগীদের সেবা নিশ্চিত করতে অন্যান্যদের পাশাপাশি জেলা পরিষদও রয়েছে। করোনার শুরু থেকেই কর্মহীনসহ অসহায়দের খাদ্য সহায়তা দিয়ে এসেছি। করোনা আক্রান্তদের সেবা নিশ্চিতের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠনকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময় বিনামূল্যে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে।