কমলনগর ইউএনওর দাপ্তরিক মোবাইল নম্বর হ্যাক
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের দাপ্তরিক মোবাইল নম্বরটি হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে। প্রতারকচক্র নম্বরটি হ্যাক করে কয়েকটি শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছ থেকে ইউএনওর পরিচয় দিয়ে টাকা দাবি করেছে। ল্যাফটপ দেওয়ার কথা বলে প্রতারকরা টাকা দাবি করে। বিষয়টি জানতে পেরে ইউএনওর ব্যবহৃত ফেসবুকে সতর্কতামূলক পোষ্ট করেছেন।
বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় ইউএনও মো. কামরুজ্জামান বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (২৩ মার্চ) ইউনওর দাফতরিক মোবাইল নাম্বারটি (০১৭৮৮-৫৭৭৭১৪) হ্যাক করা হয়। ওইদিন দুপুর থেকে উপজেলার চরমার্টিন উচ্চ বিদ্যালয় ও চরবসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদেরকে ওই নম্বর থেকে ইউএনওর পরিচয় দিয়ে কল করা হয়। এসময় ল্যাপটপ দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা দাবি করে প্রতারকচক্র।
চরমার্টিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন চৌধুরী বলেন, ইউএনওর নম্বর থেকে আমাকে ফোন করা হয়। সরকারিভাবে ল্যাফটপ এসেছে আমি নেবো কি না এটি জিজ্ঞেস করা হয়। ইচ্ছুক হলে অফিসিয়াল খরচের জন্য বিকাশ নম্বরে আমার কাছ থেক ৯ হাজার টাকা দাবি করা হয়। এ ঘটনায় আমার সন্দেহ হয়। পরে ইউএনও অফিসে যোগাযোগ করে জানতে পারি নম্বরটি হ্যাক হয়েছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, আমার দাপ্তরিক নম্বরটি একটি অসাধু চক্র হ্যাক করে শিক্ষকদের কাছ থেকে টাকা দাবি করেছে। তবে কেউ ঘটনাটি বিশ্বাস করেনি, প্রতারকচক্রকে টাকাও দেয়নি। আমি বিষয়টি জানতে পেরেই ফেসবুকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছি। কেউ যেন ওই চক্রের কথা টাকা না দেয় এবং বিভ্রান্ত না হয় সেজন্য অনুরোধ জানাচ্ছি। ঘটনাটি আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্তপক্ষকে জানিয়েছি। ওই চক্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে।