মোটরসাইকেল নিয়ে গর্তে পড়ে রামগতিতে ব্যবসায়ীর মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে চলন্ত মোটরসাইকেলের চাকা গর্তে পড়ে আলতাফ হোসেন (২৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) মধ্যরাতে সোনাপুর-আলেকজান্ডার সড়কের রামগতি উপজেলার রব সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
আলতাফ পেশায় একজন ব্যবসায়ী ও চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মোতালেবের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আলতাফ মোটরসাইকেলযোগে রামগতির হাট থেকে আলেকজান্ডার যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছলে স্থানীয়রা হঠাৎ একটি শব্দ শুনতে পায়। লোকজন এসে দেখতে পায় আলতাফ গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়ে আছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতালে তাকে দেখতে যায়। এসময় আলতাফকে উদ্ধার করা স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ। স্থানীয়দের ধারণা, সড়কের গর্তে পড়ে আলতাফ দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুত্বর আহত হয়েছে। সোনাপুর-আলেকজান্ডার সড়কের বড় বড় গর্ত দুর্ঘটনার কারণ বলে জানায় স্থানীয়রা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় পরিবার কোন আপত্তি জানায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতেই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।