শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া আজ বাসায় আছেন : রায়পুরে শাহজাদা মহিউদ্দিন
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক শাহজাদা মহিউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। রায়পুরের নৌকা প্রতীক, রুবেল ভাটের নয়। এ নৌকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক। নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দেওয়া মানেই শেখ হাসিনাকে ভোট দেওয়া। শেখ হাসিনার স্বপ্নের মতো করে রায়পুরকে সাজাতে হলে নৌকায় ভোট দিতে হবে। জনগণের অধিকার, উন্নয়নের অধিকার। জনগণের অধিকার নিশ্চিত করতে নৌকার বিকল্প কিছু নেই।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
শাহজাদা মহিউদ্দিন আরও বলেন, বিএনপির সাবেক মেয়র এবিএম জিলানী বলেছিলেন- আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন করা সম্ভব নয়। তাহলে তাকে ভোট দিয়ে কি লাভ হবে। বিএনপি নেত্রী খালেদা জিয়া চুরির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে জেলখানায় ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় তিনি আজ বাসায় আছেন। খালেদা জিয়ার ছেলে লুটপাট, হত্যা ও লুটেরাদের পৃষ্ঠপোষকতার দায়ে দন্ডিত হয়ে পলাতক রয়েছে।
রায়পুর পৌরসভার নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।
রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাকী বিল্লাহর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এমএ মমিন পাটওয়ারী, কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন খোকন, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট রাসেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু প্রমুখ।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে রায়পুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন হবে। এতে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য। ধানের শীষের প্রার্থী এবিএম জিলানী রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক দুইবারের মেয়র। এ পৌরসভায় হাতপাখা প্রতীকে আবদুল খালেক ও আরও ২ জন স্বতন্ত্র মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।