নোয়াখালীতে পৌঁছেছে এক লাখ চার হাজার ডোজ করোনা ভ্যাকসিন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পৌঁছেছে করোনা ভ্যাকসিন। রোববার দুপুর ১২ টায় একটি বিশেষায়িত গাড়িতে নয় কার্টুনে দশ হাজার চারশত ভায়েল ভ্যাকসিন জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। পরে তা রাখা হয় সিভিল সার্জনের ইপিআই এর বিশেষায়িত শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে। প্রতি ভায়েলে দশ ডোজ করে মোট ১ লাখ ৪ হাজার ডোজ টিকা রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বেক্সিমকোর বিশেষ ফ্রিজিং গাড়িতে ভ্যাকসিনগুলো জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। এর আগেই নির্ধারিত ইপিআই সেন্টারের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ভ্যাকসিনের জন্য প্রস্তুত করা হয়। পরে সেখানে ভ্যাকসিনগুলোকে রাখা হয়েছে। ইপিআই সেন্টারে ৫ লাখের বেশি ভ্যাকসিন রাখা যাবে বলে জানা যায়।
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ পর্যন্ত যারা ভ্যাকসিন প্রয়োগ করবে তাদের প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষ হলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। তবে প্রথম দফায় কারা পাবে তা এখনও নির্ধারণ করা হয়নি।