লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলায় এবং রায়পুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি) সকালে রায়পুর-চাঁদপুর সড়কের চরপাতা মোস্তফার দোকানের সামনে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাহাঙ্গীর কমলনগর উপজেলার চরলরেঞ্চ গ্রামের মৃত আবদুস সহিদের ছেলে।
নিহতের বড় ভাই ও মামা রফিক উল্লাহ জানান, আগামী বুধবার জাহাঙ্গীর দুবাই যাওয়ার জন্য মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা শেষে চাঁদপুর হয়ে সিএনজি যোগে বাড়িতে ফিরছিলেন। সিএনজিটি রায়পুর চরপাতা গ্রামের মোস্তফার দোকানের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন জাহাঙ্গীর।
অন্যদিকে, লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের যাদৈয়া মাদ্রসার সামনে পিকআপ গাড়ির ধাক্কায় মো. সজীব (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ববিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে সাগর (১৩) নামে আরেক মাদ্রাসা শিক্ষার্থী।
নিহত সজীব সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের রিক্সাচালক খোরশেদ আলমের পুত্র। সে মোহাম্মদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। আহত সাগর একই বাড়ির গোলাম মাওলার পুত্র। সে যাদৈয়া মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী।
নিহত এবং আহতের পরিবারের সদস্যরা জানায়, সাগর এবং সজিব একটি সাইকেল যোগে সকালে যাদৈয়া মাদ্রসায় নতুন বছরের বই আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর এবং সজিব সাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ গাড়ি তাদের ধাক্কা দেয়। এসময় ভোজ্য তেল বোঝাই পিকআপ গাড়িটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলে সজীবের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. আনোয়ার হোসেন বলেন, সজীব ঘটনাস্থলে নিহত হয়। আর সাগরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে।