লক্ষ্মীপুরে আ.লীগ নেতার জমিতে কৃষকদল নেতার নজর
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে মোস্তফা কামাল নামে এক অওয়ামী লীগ নেতার সাড়ে চার শতাংশ জমি জোরপূর্বক দখলে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। সদর থানা কৃষক দলের সদস্য সচিব নাছির আলম মিশন ও তার লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৬ টার দিকে মোস্তফা কামাল সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এরআগে সকালে মিশন মোটরসাইকেলযোগে ১৫-২০ জন ভাড়াটে লোক ও সিএনজি চালিত অটোরিকশায় (লক্ষ্মীপুর-থ ১১-৩১৮২) করে দেশীয় অস্ত্রশস্ত্র এনে জমি দখলের চেষ্টা চালায়। এসময় মোস্তফা কামালের জমির ৭০-৮০ টি সুপারি গাছ ও ৮ টি গাব গাছ কেটে ফেলে তারা। একই ঘটনায় মিশনসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
ভূক্তভোগী মোস্তফা কামাল লক্ষ্মীপুর আওয়ামী লীগের সাবেক সহ-দফতর সম্পাদক ও পোশাক ব্যবসায়ী। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা। মিশন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও একই বাসিন্দা।
অভিযোগ সূত্র জানায়, মোস্তফাদের সঙ্গে সাড়ে ৪ শতাংশ জমি নিয়ে কৃষকদল নেতা মিশনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় মিশনরা মামলা হামলা করে মোস্তফাদের জমি দখলে নিতে ব্যর্থ হয়। এ জমি নিয়ে ৩ টি মামলার রায় মোস্তফাদের পক্ষে এসেছে ও ৩ টি মামলা চলমান রয়েছে। মঙ্গলবার সকালে অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেলযোগে ১৫-২০ লোক নিয়ে এসে মিশনরা জোরপূর্বক মোস্তফাদের জমি দখলের চেষ্টা করে। এসময় মিশনের লোকজন বিরোধীয় জমির ৭০-৮০টি সুপারি গাছ, ৮টি গাব গাছ কেটে ফেলে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে মিশন লোকজন নিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে তাদের নিয়ে আসা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অটোরিকশা আটকে রাখে এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, মিশন রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে নানা অপকর্ম করে আসছে। জেলা কারাগারের কারারক্ষীকে মারধরের ঘটনায় মিশন প্রায় দেড়মাস হাজতে ছিলেন। তার বিরুদ্ধে ৭ টি মামলা চলমান রয়েছে।
ভূক্তভোগী মোস্তফা কামাল বলেন, মিশন ভাড়াটে লোকজন নিয়ে জোরপূর্বক আমাদের জমি দখল করতে আসে। এতে বাধা দিলে তারা জমিতে থাকা সুপারিসহ বিভিন্ন গাছ কেটে ফেলে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।
অভিযোগ অস্বীকার করে কৃষকদল নেতা নাছির আলম মিশন বলেন, আমরা আমাদের জমিতে লিগ্যালভাবে ঘরে নির্মাণ করেছি। আমাদের জমি নিয়ে কোন সমস্যা নেই। কিন্তু মোস্তফা কামালরা আমাদের জমি দখলের চেষ্টা করছে। আদালতের নিষোধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে মোস্তফারা ঘর তুলেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠালে বিস্তারিত জানা যাবে।