করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগের কনসালটেন্ট আইরিন পারভীনের (৪৪) মৃত্যু হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে ওই নারী চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. মুজিবুর রহমান।
তিনি জানান, ডা.আইরিন পারভীনের বাবার বাড়ি কুমিল্লা সদরের রত্নাবতী গ্রামে। তিনি স্বামীসহ কুমিল্লা নগরীতে থাকতেন। তার স্বামী ডা.আজিজুর রহমান সিদ্দিকী চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। তাদের দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। করোনাকালীন পুরো সময়ে ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়েছেন ডা.আইরিন।
গত ২৪ নভেম্বর কুমিল্লা মেডিকেলের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ডা.আইরিন পারভীনের করোনা শনাক্ত হয়। এরপর তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে নেওয়া হয় ওই হাসপাতালের আইসিইউ ইউনিটে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান তিনি।
ডা. মো. মুজিবুর রহমান বলেন, আমাদের এই সহকর্মীর অকাল মৃত্যুতে কুমিল্লার সকল চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।