জাতীয় পার্টির একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব লিংকন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২০ ১০:০০ অপরাহ্ণ

জাতীয় পার্টির একাংশের (জাফর) কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব লিংকনকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) পার্টির চেয়ারম্যানের খিলগাঁওয়ের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।

সভায় সভাপতির বক্তব্যে মোস্তফা জামাল হায়দার বলেন, বিজয়ের এই মাসে সভা-সমাবেশে বিধি-নিষেধ আরোপ করে সরকার মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে। এই বিধি-নিষেধ দিয়ে সরকারের অপকর্ম ঢাকা যাবে না। দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজ দুর্নীতিগ্রস্ত। বাক স্বাধীনতা নেই, এভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না।

সভায় দেশের রাজনীতি অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

পার্টির যুগ্ম-মহাসচিব এ এস এম শামীমের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, নওয়াব আলী আব্বাস খান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট মো. সফিউদ্দিন ভুইয়া, আলহাজ সেলিম মাস্টার, ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলু, যুগ্ম-মহাসচিব কাজী মো. নজরুল, মো. মহসিন সরকার প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন