কেউ মাস্ক না পরে বাইরে বের হলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৩০ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও (দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এক ঘোষণা পত্রে এ কথা বলেন।
ঘোষণা পত্রে তিনি বলেন, আগে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ (২০১৮ সালের ৬১ নম্বর আইন) এর ১১ (১) ধারার ক্ষমতাবলে চলতি বছরের ৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাঃঅধিঃ/করোনা/২০২০-৫২ নং স্মারকে ঘোষণায় উল্লিখিত নির্দেশনাগুলো নিম্নরূপভাবে পরিবর্তিত হবে:
# বাইরে চলাচলের ক্ষেত্রে সব সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অন্যথায় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ধারা ২৪ (১), (২) ও ধারা ২৫ (১) (ক, খ) এবং ধারা ২৫ (২) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলা প্রশাসন, যথাযথ কর্তৃপক্ষ সতর্কভাবে এটি বাস্তবায়ন করবে।
# চলাচল নিষেধাজ্ঞাকালীন জনসাধারণ এবং সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে।
# রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয় বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে সর্বাবস্থায় বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
# স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত কারিগরি নির্দেশনাগুলো (https://dghs.gov.bd/) সর্বস্তরে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হলো।