কোচ হতে চান হাফিজ
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসর নেবেন মোহাম্মদ হাফিজ। কয়েকদিন আগেই পাকিস্তানের তারকা এ অলরাউন্ডার দিয়েছেন এমন ঘোষনা। এবার তিনি জানালেন, ব্যাট-বল তুলে রাখার পর হতে চান কোচ।
অবসরের পর কোচ হওয়ার কথা হাফিজ বার্তা সংস্থা পিটিআই’কে জানান, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছি। তবে ঘরোয়া টি-২০ লিগগুলোতে আমি মনযোগ দিতে চাই।’
এ ব্যাপারে হাফিজ আরও বলেন, ‘অবসরের পরে আমি কোচও হতে পারি। আসলে আমি এখনও জানি না অবসরের পর কি করব। সময়ই সব বলে দেবে, সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেব। তবে এখনই অবসরের পরবর্তী সময় নিয়ে বেশি ভাবতে চাই না।’
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হাফিজ। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৯২ রানের মালিক তিনি। ২৩০৯ রান নিয়ে শীর্ষে রয়েছেন শোয়েব মালিক। এছাড়া বল হাতে নিয়েছেন ৫৪ উইকেট।