বগুড়ায় দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের বাড়ি লক্ষ্মীপুরে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০১৯ ৫:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা ও বগুড়ার সীমান্ত এলাকায় যাত্রীবাহী বাস উল্টে আবদুল আজিজ (৪৫) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।

তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের নুরুল হুদার ছেলে। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। বৃদ্ধ বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। দুই শিশু সন্তানের ভবিষ্যৎ ভাবনায় অসুস্থ হয়ে পড়েছেন নিহতের স্ত্রী। আশপাশের লোকজনের সান্তনাও যেন কোন কাজে আসছে না।


শনিবার (২৪ আগস্ট) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল পুলিশবক্স এলাকায় দুর্ঘটনায় তিনি মারা যান। আজিজের মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করেছেন সহকর্মী সেনা সদস্য মো. হারুন অর রশিদ।


জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌখিন ট্রাভেলস নামের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় রহবল পুলিশবক্স এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।


এতে ঘটনাস্থলে বাসযাত্রী সেনা সদস্য আবদুল আজিজ নিহত হন। এসময় কমপক্ষে আরও ১২ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন