চাল আত্মসাতের ঘটনায় রামগঞ্জে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ এপ্রিল, ২০১৯ ৯:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুরের রামগঞ্জে নোঁয়াগাও ইউনিয়নে হত দরিদ্র ৪ নারীর ভিজিডি কর্মসূচির চাল আত্মসাতের ঘটনায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নোঁয়াগাও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. হারুন মিজির বিরুদ্ধে চাল আত্মসাতের লিখিত অভিযোগ করে ভূক্তভোগীরা।

রবিবার (৩১ মার্চ) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ভিজিডি কর্মসূচির জন্য উপকারভোগী নারীদের তালিকা করা হয়।

এতে উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের নোঁয়াগাও গ্রামের হতদরিদ্র সুমি বেগম, জোহরা বেগম, নাসরিন আক্তার ও বিধবা জরিনা বেগমের নাম রয়েছে। কিন্তু ব্যাংক হিসাবসহ ভিজিডি কর্মসূচির সংশ্লিষ্ট সকল কাজ সম্পন্ন করেও তারা চাল পাননি।

৩০ কেজি করে তাদের দুই মাসের ২৪০ কেজি চাল তুলে নিয়ে যায় ছাত্রলীগ নেতা হারুন মিজি। ইউনিয়ন পরিষদে ভিজিডির রেজিষ্ট্রার খাতায় তিনি স্বাক্ষর দিয়ে চালগুলো উত্তোলন করে।

এনিয়ে অনলাইন নিউজ পোর্টাল মোহনানিউজসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে আত্মসাতের চাল ইউনিয়ন পরিষদে ফেরত দেয় ছাত্রলীগ নেতা। ২৮ মার্চ ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে ওই নারীদের প্রাপ্ত চাল বুঝিয়ে দেওয়া হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন