‘কমলনগরে উন্নয়নের বাহক হিসেবে কাজ করতে চাই’
নিজস্ব প্রতিবেদক : কমলনগর লক্ষ্মীপুরের কনিষ্ঠ উপজেলা । এ উপজেলায় আওয়ামী লীগ সরকারের অনেক উন্নয়ন হয়েছে। উপকূলীয় অধিকাংশ মানুষ নদীতে উপার্জন করে থাকে। এ অঞ্চলে সড়ক ব্যবস্থা, শিক্ষা ও সাংস্কৃতির আরো ব্যপক পরিবর্তন দরকার। প্রয়োজন সরকারি ব্যপক উন্নয়ন।
সে উন্নয়নের বাহক হিসেবে আমি কাজ করতে চাই। এজন্য আমি কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হব।
বৃহস্পতিবার দুপুরে মোহনানিউজের এক সাক্ষাতকারে এসব কথা বলেন, কমলনগরের যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী। তিনি কমলনগর উপজেলা যুবলীগের আহবায়ক। ইতিমধ্যে তিনি চেয়াম্যান পদে লড়তে নির্বাচনী মাঠে নেমে পড়েছে। চষে বেড়াচ্ছে উপজেলা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। আলোচনায়ও রয়েছেন তিনি।
জানা গেছে, ১৯৯৪ সাল থেকে মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। স্কুল ছাত্রলীগ থেকে শুরু করে তিনি এখন উপজেলা যুবলীগের আহবায়ক। এরআগে তিনি উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ২০০১ সালে তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পান। শিক্ষাজীবনে তিনি এইচএসসিতে প্রথম বিভাগ অর্জন করেন।
মেজবাহ উদ্দিন উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তাঁর স্ত্রী জেলা পরিষদের সংরক্ষিত সদস্য এবং ছেলে মঞ্জুরুল আজিজ ফাহিম লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার পর থেকে তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন। তার নেতৃত্বে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি আওয়ামী লীগের ভিশন ২১ পূরণের লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে উপজেলাব্যাপী কাজ করে যাচ্ছেন। কমলনগরসহ দেশব্যাপী আওয়ামী লীগের উন্নয়নের কথা মানুষের কাছে গিয়ে তুলে ধরছেন। ইতোমধ্যে তিনি উপজেলার ৯ টি ইউনিয়নের গিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো উঠান বৈঠকের মাধ্যমে গ্রামের নারীদের মাঝে তুলে ধরছেন।
জেলার উপকূলীয় এ জনপদের মানুষগুলো নদী ভাঙন কবলিত। তিনি সবসময় তাদের পাশে থেকে কাজ করেছেন। আগামিতে নদী ভাঙন কবলিত এসব মানুষের সঙ্গে কাজ করার লক্ষ্যে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। তার কর্মদীপ্ত মানষিকতা দেখে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। নির্বাচনীয় মাঠেও সাধারণ জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।
জানতে চাইলে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী বলেন, দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগুচ্ছে। উন্নয়নের এ ধারাবাহিকতায় কমলনগরেও ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগের এ আমলে মেঘনা নদীর বাঁধ নির্মাণ, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট ও দরিদ্রদের সোলার প্যানেলসহ দারিদ্র বিমোচনে কাজ করা হচ্ছে।
সরকারের এসব উন্নয়নমূলক কর্মকান্ডের কথা জনগণের কাছে তুলে ধরছি। দীর্ঘদিন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আওয়ামী লীগের রাজনীতি করায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হতে হয়েছে। ছাত্রলীগ থেকে যুবলীগ পর্যন্ত রাজনৈতিক সময়ে দলকে ঢেলে সাজাতে সক্ষম হয়েছি। আমি অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে প্রার্থী হক। আশা করছি, দল আমার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করে আমাকে দলীয় মনোনয়ন দেবে।