রাতে আটকের পর সকালে লাশ পাওয়া যায় এটাতো গণতন্ত্র নয়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০১৮ ১০:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : জেএসডির কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ.স.ম আব্দুর রব বলেছেন, ‘রাতে আটক সকালে লাশ পাওয়া যায় এটাতো গনতন্ত্র নয়, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিরোধী দল নির্বাচন করবে না, আমারতো মনে হচ্ছে সরকার দলই নির্বাচন করবে না, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তখন সরকার দেখছে তাদের বিপক্ষে ভোটার জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার চেষ্টা করতেছে।

 

আর সরকারের দু এক জন বলেও ফেলছেন হেরে গেলেও দেশ ছেড়ে যাবনা। দেশ ছেড়ে ইতিমধ্যে অনেকে চলে গেছেন, সামনে কিছুদিনের মধ্যে সরকারি দলের প্রার্থীসহ অনেকে পালিয়ে যেতে পারেন। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বেগম পাড়া করেছেন, মন্ত্রী পাড়া করেছেন জনতার আদালতে তাদের বিচার হবে এ জন্য তারা দেশ ছেড়ে পালাবেন।’

লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে রবিবার (০২ ডিসেম্বর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
আ স ম আব্দুর রব আরো বলেন, ‘মা বোনেরা যেন ঘর থেকে বেরিয়ে নিরাপদ থাকতে পারে সেটি নিশ্চিত করতে হবে, রাতের বেলায় ধরে নিয়ে যাবে সকাল বেলা লাশ পাওয়া যাবে এটাতো গণতন্ত্র নয়, এজন্যতো মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করিনি, জাতীয় ঐক্যফন্টের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই, আন্দোলন অব্যাহত রেখে ভোটের দিন গণজাগরণ সৃষ্টির মাধ্যমে ভোট বিপ্লব ঘটাতে হবে।’

 

তিনি পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যেশ্যে আরো বলেন, আপনারা কোন নেতা, এমপি, মন্ত্রীর ধারক বাহক হিসেবে জনগণের বিরুদ্ধে যাবেননা। আপনারা আমাদের শত্রু নয় আমরাও আপনাদের শত্রু নয়। পুলিশ তোমরা যতই মারো আমরা নামবো এগারো বারো। কতজন গ্রেফতার করতে পারেন দেখা যাবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন রব।

 

এসময় উপস্থিত ছিলেন, জেএসডি’র কেন্দ্রীয় সহ-সভাপতি বেগম তানিয়া রব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন