হাসপাতালের ডোবায় পড়ে প্রাণ গেল রোগীর
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডোবা মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির নাম, নজরুল ইসলাম পলাশ(৪০) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। এর আগে হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ হন ওই রোগী।
নিহতের স্বজন আশ্রাফ হোসেন রবেন্স জানান, পলাশ গত মঙ্গলবার সকালে স্ট্রোক করে। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যার পরে তাকে হাসপাতালে রেখে তার স্ত্রী একটি ওষুধ আনতে যায়। ফিরে এসে তার স্ত্রী তার কোন খোঁজ পায়নি। বৃহস্পতিবার দুপুরের দিকে সে তার স্বামীর মরদেহ হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে উদ্ধার হয়েছে বলে জানতে পারেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ওই রোগীর মরদেহ কিভাবে ডোবায় আসলো তা তদন্ত করা হচ্ছে। ময়না তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।