হজ্বের টাকায় চেয়ারম্যান তাফাজ্জলের মানবসেবা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২০ ৮:০০ অপরাহ্ণ

করোনাভাইরাসের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে এ বছরের হজ্ব পালন। তাই সুযোগে নিজের হজ্বে যাওয়ার টাকায় গরিবদের মাঝে চাল উপহার দিলেন এক ইউপি চেয়ারম্যান।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মঙ্গলবার (১৪ এপ্রিল)  সকালে তার নিজ বাড়িতে জন প্রতি ১০ কেজি করে ৩০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেন।

চেয়ারম্যান তাফাজ্জল হোসেন বলেন, করোনার কারণে এ বছর আমার হজ্ব পালন অনিশ্চিত হয়ে পড়েছে। তাই সেই টাকা দিয়ে আমার এলাকার কর্মহীন মানুষের মাঝে উপহার হিসেবে চাল বিতরণ করেছি। রমজানের প্রথম সপ্তাহ পর্যন্ত এ চাল বিতরণ অব্যাহত থাকবে। এছাড়াও সরকারের পক্ষ থেকে যে ত্রাণ আসবে তা কর্মহীন, অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে সুষম বণ্টন করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন