স্ত্রীসহ করোনা আক্রান্ত কক্সবাজারের পৌর মেয়র
কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীসহ পরিবারের অপর তিন সদস্যেরও করোনা শনাক্ত হয়েছে। শনিবার মধ্যরাতের পর মেয়রকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। পৌরসভার দুজন কাউন্সিলরও করোনা আক্রান্ত হয়ে আইসোলেশন সেন্টারে রয়েছেন।
সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে গত মার্চ মাস থেকেই মেয়র মুজিবুর রহমান কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম চালান। ত্রাণ সহায়তাসহ বিভিন্ন কাজে তিনি সক্রিয় ছিলেন কাউন্সিলরদের সাথে নিয়ে। তার করোনা আক্রান্ত হওয়ার সংবাদে স্থানীয়রা মর্মাহত ও উদ্বিগ্ন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, ‘জনপ্রিয় পৌর মেয়র মুজিবুর রহমানকে দিনরাত পরিশ্রম করতে হয়েছে। অনেক সময় সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে মেয়র ও কয়েকজন কাউন্সিলর করোনা আক্রান্ত হয়েছেন।’
সূত্র জানায়, কক্সবাজারে চিকিৎসার পর্যাপ্ত সুযোগ না থাকায় মেয়রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করে এ ব্যবস্থা করেছেন। শনিবার দিবাগত মধ্যরাতের পরই মেয়র মুজিবুর রহমানকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন সেতু, মেয়র মুজিবুর রহমানের স্ত্রী ফারহানা রহমান, মেয়রের জেঠাতো ভাই ও ভাইয়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।