সাগরে সুস্পষ্ট লঘুচাপ আরও ঘণীভূত হতে পারে
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এই অবস্থায় সমুদ্রবন্দরগুলোকে সাবধান থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনার জন্য সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
এছাড়া, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপজেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, ফেনী, চাঁদপুর, সিলেট, পাবনা, রাজশাহী, বগুড়া জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
শনিবার (১৯ মার্চ) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশনার জন্য সাবধানতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে হবে। তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।