চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ ডুবি, নিখোঁজ ৭
বন্দরের বহির্নোঙরে পারকি বিচ এলাকায় এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় ৭ নাবিক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কোস্ট গার্ড। শনিবার (১৯ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোস্ট গার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর ৪টার দিকে এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার খবর আসে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি বিচ সংলগ্ন এলাকায় ১৩ জন নাবিক নিয়ে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ৫ জনকে উদ্ধার করেছি। এছাড়া, ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন অন্য একটি জাহাজে উঠেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় নিখোঁজ ৭ জনের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।
বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবি আলম বলেন, এমভি টিটু-১৪ নামে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। জাহাজটি আবুল খায়ের গ্রুপের। জাহাজের নাবিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। বন্দরের বহির্নোঙর থেকে মালামাল লোড করে সি-বিচ এলাকার দিকে যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ জানান, এমভি টিটু-১৪ নামে লাইটারেজ জাহাজটি একটি বালুবাহী বার্জের ধাক্কায় ডুবে গেছে। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।