লক্ষ্মীপুর কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুব মোহাম্মদ আলী আর নেই
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রাঙ্গামাটির একটি হাসতাপালে তিনি ইন্তেকাল করেন।
জানা গেছে, রাত সাড়ে ৯ টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মাহবুব মোহাম্মদ আলীর নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। পরে সদর উপজেলার ভবানীগঞ্জে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। তাঁর ছেলে মুশফিক মাহমুদ সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুব মোহাম্মদ আলী লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার বাসিন্দা। তিনি লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য খালেদ মোহাম্মদ আলীর ভাই।
পারিবারিক সূত্র জানায়, মাহবুব মোহাম্মদ আলী দূরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। তাঁর স্ত্রী গত ফেব্রুয়ারিতে মারা যান। এরপর থেকে তিনি ছোট মেয়ের কুমিল্লার বাসায় ছিলেন। কয়েক মাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। করোনামুক্ত হলে তাঁকে রাঙ্গামাটিতে বড় মেয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানেই অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্নাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন।